লোহাগাড়ায় জালনোটসহ যুবক গ্রেপ্তার

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ স্ত্রীর ফোন পেয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় জালনোটসহ মো. শাহ আলম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতঘর থেকে ৫০০ টাকার ৫৪টি জালনোট (মোট ২৭ হাজার টাকা) উদ্ধার করা হয়।
সোমবার (১৭ আগস্ট) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব হাজারবিঘা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহ আলম স্থানীয় ফেরদৌস আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার পারিবারিক কলহের জেরে শাহ আলম ও তার স্ত্রী জান্নাত আরা বেগমের মধ্যে মারামারি হয়। এতে তাদের সন্তানসহ তারা আহত হন। একপর্যায়ে স্ত্রী জান্নাত ৯৯৯-এ ফোন করে আইনি সহায়তা চান।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক লিটন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পারিবারিক বিরোধের কারণ অনুসন্ধানের সময় শাহ আলমের জালনোট কারবারের বিষয়টি সামনে আসে।
তার স্ত্রী পুলিশকে জানান, শাহ আলম দীর্ঘদিন ধরে জালনোট বিক্রির সঙ্গে জড়িত এবং তাকেও এই ব্যবসায় যুক্ত হতে চাপ দিচ্ছিলেন। এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে পারিবারিক বিরোধ ও মারামারির ঘটনা ঘটে। পরে স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে কক্ষে তল্লাশি চালিয়ে ২৭ হাজার টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে আগে থেকেই জাল টাকাসংক্রান্ত দুটি মামলা রয়েছে। জামিনে বেরিয়ে এসে সে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



