কুড়িগ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, বাড়িতে আগুন

কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হুরমুজ আলী ওই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সেলিম মেম্বারের পক্ষের লোক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ারহাট ইউনিয়নের সাবেক মেম্বর সেলিম ও স্থানীয় তোতা মিয়ার পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি একটি মামলায় সেলিম মেম্বারের পক্ষে রায় আসে। এর পর বৃহস্পতিবার সকালে সেলিম মেম্বারের লোকজন জমি দখলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
স্থানীয়রা জানান, এ সময় তোতা মিয়ার পক্ষ ট্রাক্টর ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই হুরমুজ আলী নিহত হন। আহতদের মধ্যে রাজা মিয়া, তারিফুল ও শহিদ মিয়াসহ কয়েকজন রয়েছেন বলে জানা গেছে।
নয়ারহাট ইউনিয়নের গ্রাম পুলিশ শ্রী গোবিন্দ বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ঘটনাস্থলে আছি। নিহত ব্যক্তির সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।