logo
Advertisement

পাহাড়ি ঢলে সাজেক-বাঘাইহাট সড়ক প্লাবিত, ভোগান্তিতে পর্যটকরা

এশিয়া পোস্ট নিউজ,রাঙামাটি
পাহাড়ি ঢলে সাজেক-বাঘাইহাট সড়ক প্লাবিত, ভোগান্তিতে পর্যটকরা
সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড়ি ঢলের পানির মধ্যেই পর্যটকবাহী যানবাহন পারাপারে সাহায্য করছেন সেনাসদস্য ও স্থানীয় বাসিন্দারা। ছবি: এশিয়া পোস্ট

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাজেক-বাঘাইহাট সড়কের নিচু এলাকা প্লাবিত হয়ে সাজেক ভ্যালির সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) বাঘাইহাট এলাকার সড়কের দুই পাশে শত শত পর্যটকবাহী গাড়ি আটকে পড়ে।

তবে বিকেলে পানি কিছুটা কমে আসায় সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুনরায় যান চলাচল শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ছুটিতে মেঘের রাজ্য সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। শনিবার সকাল ও বিকেলের এসকর্টে পর্যটকদের সাজেক ছাড়ার কথা থাকলেও, বাঘাইহাট এলাকার সড়ক পানিতে ডুবে যাওয়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিকেলে পানি কমে গেলে সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আটকে পড়া পর্যটকরা নিরাপদে গন্তব্যে রওনা হন। একই সময়ে নতুন কিছু পর্যটকবাহী গাড়িও সাজেকে প্রবেশ করে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটির কারণে সাজেকের প্রায় ৮০ শতাংশ রুম আগেই বুকিং হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিচু এলাকা তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক উল্লেখ করে তিনি আরও জানান, শনিবার সকাল ও বিকেল মিলিয়ে অন্তত ১ হাজার ৫০০ জন পর্যটক সাজেক থেকে নিরাপদে বের হয়ে গেছেন এবং নতুন করে প্রায় ৮৫০ জন পর্যটক সাজেকে প্রবেশ করেছেন।

বিষয় :