logo

চাঁপাইনবাবগঞ্জে ২০০ জাতের আম নিয়ে মেলা শুরু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ২০০ জাতের আম নিয়ে মেলা শুরু
ছবি: এশিয়া পোস্ট

ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আম মেলা।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কালেক্টরেট চত্বরে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এ ছাড়া কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন জেলা কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক।

এবারের মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৭টি স্টল অংশ নিয়েছে, যেখানে আমভিত্তিক নানা ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে। তবে মেলার প্রধান আকর্ষণ হিসেবে নজর কাড়ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুই শতাধিক রকমের সুমিষ্ট আমের অনন্য প্রদর্শনী। আমের পাশাপাশি মেলায় স্থানীয় অন্যান্য মরসুমি ফলও স্থান পেয়েছে।

আয়োজকরা জানান, দেশের বাজারে আমের পুষ্টিগুণ ছড়িয়ে দেওয়া এবং চাষিদের আন্তর্জাতিক মানের নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে উদ্বুদ্ধ করাই এই মেলার মূল লক্ষ্য। মেলা উদ্বোধনের পর থেকেই দর্শনার্থী ও আমপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ৩ দিনব্যাপী চলমান এই আম মেলা আগামী ২০ জুন শেষ হবে।