logo

আহতদের উদ্ধারে যাওয়ার পথে দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

আহতদের উদ্ধারে যাওয়ার পথে দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধারকাজে যাওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার সার্ভিস কর্মী। শনিবার রাত ২টার দিকে উপজেলার মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহসান হাবিব গাইবান্ধার সাঘাটা এলাকার বাসিন্দা। তিনি মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনে ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ২টার দিকে চান্দাইকোনা সংলগ্ন বগুড়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মহিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নেন।

স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি বের করার জন্য আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে সংকেত দিচ্ছিলেন। এ সময় তিনি বগুড়াগামী একটি ট্রাকের গতি রোধ করেন। ট্রাকটি থামলেও পেছন থেকে গাইবান্ধাগামী আহসান পরিবহন নামে একটি দ্রুতগতির বাস ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি সামনের দিকে ছিটকে গিয়ে দায়িত্বরত আহসান হাবিবের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

শেরপর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন বলেন, বাস ও ট্রাকটিকে আটক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ফায়ার ফাইটার আহসান হাবিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার বাহার উদ্দিন জানান, আহসান হাবিবের মরদেহ জেলা অফিসের নেওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে তার মরদেহ গাইবান্ধার বাড়িতে নিয়ে যাবেন পরিবারের সদস্যরা। এ জন্য আমাদের সকল কর্মকর্তা জেলা ফায়ার স্টেশন অফিসে গেছেন।

শেরপুর হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর এলাকায় রাস্তা পারাপারের সময় খাদিজা খাতুন নামে এক নারী প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শনিবার রাত ৯টার দিকে গাড়িদহ ইউনিয়নের দশমাইল এলাকায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রনবীরবালা এলাকার আরজু এবং বিকেল বাজার এলাকার শুভ নামে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। শুভ শজিমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। এ ছাড়া এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।