৭ শ্রমিক নিহতের পর স্পিডব্রেকারের দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ

বাসচাপায় সাত শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বগুড়ার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় দুর্ঘটনাস্থলে এ অবরোধ শুরু হয়। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনাস্থলের সামনেই এরুলিয়া উচ্চবিদ্যালয়। প্রতিদিন বিদ্যালয় প্রাঙ্গণের সামনে দিনমজুরদের হাট বসে। অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থানে কোনো স্পিডব্রেকার নেই। এমনকি স্কুল কিংবা শ্রমিকের হাটের বিষয়ে সতর্কতামূলক কোনো সাইনবোর্ডও টাঙানো হয়নি।
অবরোধে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পয়েন্টে স্পিডব্রেকার নির্মাণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাদের ভাষ্য, প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থী, দিনমজুর ও সাধারণ মানুষের চলাচল থাকলেও নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা নেই। এরই পরিণতিতে বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ বলেন, নিহত সাতজনই দিনমজুর ছিলেন। স্থানীয়দের স্পিডব্রেকারের দাবিটি অত্যন্ত যৌক্তিক। বিষয়টি ইতোমধ্যেই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে এবং অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
.png)

