logo

কথিত পীরের আস্তানায় ওরস ঘিরে উত্তেজনা

কথিত পীরের আস্তানায় ওরস ঘিরে উত্তেজনা

মাদারীপুরের ডাসার উপজেলায় কথিত এক পীরের আস্তানায় ওরস আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ওরস বন্ধের দাবিতে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকজন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

উপজেলার মাইজপাড়া গ্রামের মৃত সানাউদ্দিন মাতুব্বরের ছেলে শাহেব আলী মাতুব্বর নিজ বাড়িতে একটি আস্তানা গড়ে তোলেন। তিনি নিজেকে পীর হিসেবে পরিচয় দিতেন। তার মৃত্যুর পর ভক্তরা সেখানে মাজার নির্মাণ করে ওরসসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন করে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, এসব আয়োজনকে কেন্দ্র করে এলাকায় মাদক কেনাবেচা ও নানা অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। এতে এলাকার সামাজিক পরিবেশ ব্যাহত হচ্ছে। দ্রুত এসব কার্যক্রম বন্ধের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

পীরের ভক্ত ও স্বজনদের দাবি, শাহেব আলী মাতুব্বর একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। মৃত্যুর আগে তিনি ওরসসহ ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে গেছেন। সে অনুযায়ী প্রতি বছরের মতো এবারও ওরস আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানা গেছে, স্থানীয়দের বাধার মুখে গত কয়েক বছর অনুষ্ঠান সীমিত ছিল। শুক্রবার সন্ধ্যা থেকে ওরস, গান-বাজনা ও তবারক বিতরণের আয়োজন করা হয়। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তদের আগমন শুরু হয়েছে।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।