logo

নড়াইলে মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

নড়াইলে মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা
অভিযুক্ত খায়রুল শেখ। ছবি: এশিয়া পোস্ট

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকের টাকা না পেয়ে আফসার শেখকে (৭০) কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে খায়রুল শেখ (২৫)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফসার শেখ ওই গ্রামের মৃত হোসেন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে খায়রুল শেখের সঙ্গে তার বাবা আফসার শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খায়রুল তার বাবাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর খায়রুল পালিয়ে যান।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ছেলেকে আটকের চেষ্টা চলছে।