logo

যারা মাজার ভাঙছে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ফরহাদ মজহার

যারা মাজার ভাঙছে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ফরহাদ মজহার

কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, যারা মাজার ভাঙছে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটি একটি ফৌজদারি অপরাধ এবং তারা কোনো ধর্মের লোক হতে পারে না। এসব অপরাধীকে শাস্তি পেতেই হবে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ায় আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরসে ‘সুফিবাদ ও আত্মদর্শন’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, একটি বিশেষ পক্ষ নিয়ে অন্য পক্ষকে দমন করা, নির্যাতন করা আইনবিরোধী কাজ। মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করছি। আগের সরকার চেষ্টা করলেও মাজার ভাঙা বন্ধ হয়নি। বর্তমান সরকারের সময়ে আমরা আশা করব, কোনো মাজার যেন ভাঙা না হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, চিন্ময়কে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় ভয়ংকর বিষয় হলো মিথ্যা প্রচারণা ছড়ানো হয়েছে যে তিনি ইসকনের সঙ্গে জড়িত। অথচ চিন্ময় ইসকনের অন্তর্ভুক্ত কেউ নন। আগে থেকেই ইসকনের সঙ্গে তার বিরোধ রয়েছে।

তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। সে ক্ষেত্রে তিনি জামিন পাওয়ার যোগ্য। কিন্তু চিন্ময়কে জামিন পাওয়ার জন্য প্রয়োজনীয় উকিলও দেওয়া হয়নি। উল্টো পুলিশের তরফ থেকে তার বিরুদ্ধে অন্যায় মামলা দেওয়া হয়েছে।

আইনজীবী হত্যার ঘটনা দুঃখজনক, তার বিচার হওয়া উচিত। কিন্তু সেই হত্যার দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, বলেন তিনি।

আব্দুল কাদির শাহ পাঠাগার আয়োজিত এই ওরসে সভাপতিত্ব করেন পাঠাগারটির উপদেষ্টা মো. খালিদ সাহিদ বিদ্যুৎ। পরে রাতভর চলে আধ্যাত্মিক ও বাউল গানের আসর।