খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টা, গাছে বেঁধে যুবককে পিটুনি

চাঁদপুরের মতলব উত্তরে বিদ্যুতের খুঁটিতে উঠে পল্লী বিদ্যুৎ সমিতির ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে উপজেলার রাঢ়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক মো. ইউসুফ (২৫) উপজেলার বেগমপুর এলাকার বাসিন্দা।
পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটার দিকে ইউসুফ ও তার দুই সহযোগী রাঢ়িকান্দি এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার খোলার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা এক জোটে এসে খুঁটির নিচে ঘিরে ধরেন। পরিস্থিতি বুঝে চোরচক্রের সদস্যরা নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউসুফকে ধরে ফেলেন স্থানীয়রা। তবে তার সঙ্গে থাকা মো. শামীম ও মো. আফজাল নামে দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।
পরবর্তীতে উত্তপ্ত জনতা ইউসুফকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। খবর পেয়ে মতলব উত্তর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মতলব উত্তর উপজেলার সহকারী প্রকৌশলী রাকিব হোসেন জানান, গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। আগের চুরির ঘটনাগুলোতে থানায় পৃথক মামলা করা রয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, স্থানীয়দের হাতে ধরা পড়া অভিযুক্ত ইউসুফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া পালিয়ে যাওয়া অন্য দুই সঙ্গীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।



