logo

বাসযাত্রীর ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা

বাসযাত্রীর ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা
আটক নাছির উদ্দিন ও জব্দ করা ইয়াবা। ছবি : সংগৃহীত

ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা।

রোববার (২৩ আগস্ট) শহরের লালপুল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে স্টার লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নাছির উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী গ্রামের আবুল আলমের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে যাত্রীবেশে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে এক ব্যক্তি ফেনীর দিকে আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি শুরু করেন আভিযানিক দলের সদস্যরা। বাসের পেছনের সিটে বসা নাছির পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে ধরে ফেলেন। পরে তার সঙ্গে থাকা একটি কাঁধের ব্যাগ তল্লাশি করে স্বচ্ছ পলি জিপার প্যাকেটে মোড়ানো ৮ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, আটক নাছির উদ্দিন ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।