ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার
-1773115719-6446_1773115741.jpg)
ভোলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) ধর্মঘট প্রত্যাহারের পর সন্ধ্যার দিকে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যায় একটি যাত্রীবাহী বাস।
এর আগে একই দিন দুপুর ১২টার দিকে চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সিএনজিতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ পর্যায়ে উভয়পক্ষে মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১টার দিকে ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
ভোলা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান জানান, চরফ্যাশনে আমাদের বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনায় দুপুর ১টা থেকে সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে জেলার ৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিকেলের দিকে পুলিশ সুপার ও জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা আমাদের আশ্বাস দেন। ঘটনার জড়িতের বিচার হবে তাই আমরা বাস চলাচল স্বাভাবিক করছি।
এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, বাস শ্রমিকরা বাস বন্ধ রাখায় আমরা বাসমালিক সমিতির নেতা ও শ্রমিক ইউনিয়ের নেতাদের সঙ্গে কথা বলেছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পরে আমাদের আশ্বাসে শ্রমিকরা বাস চলাচল শুরু করেছে। এখন স্বাভাবিকভাবে বাস চলাচল করছে।