সিলেটে মধ্যরাতে কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে খুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে কিশোরীকে ঘর থেকে তুলে নেওয়ার চেষ্টায় বাধা দেওয়ায় দাদিকে খুন করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওর মাটিকাঁপা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে শনিবার (১৬ মে) এসব তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
পুলিশ জানায়, ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত দিলারা বেগমের ১৪ বছরের নাতনি হাবিবা আক্তার। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাকে আঘাত করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্র জানায়, তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে হাবিবা আক্তারের মুখ চেপে ধরে এবং তাকে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার চিৎকারে মা ও দাদি এগিয়ে আসেন। দুর্বৃত্তরা কিশোরীর মায়ের হাতে কামড় দিয়ে জখম করে। দাদি দিলারা বেগম দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তার বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কিশোরীকে অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে যায় তারা।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশে এই হামলা চালিয়ে থাকতে পারে।
ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
