logo

টাকা ও খাসির বিনিময়ে পদ বাণিজ্য, সেই বিএনপি নেতা আবারও বহিষ্কার

টাকা ও খাসির বিনিময়ে পদ বাণিজ্য, সেই বিএনপি নেতা আবারও বহিষ্কার
রমিজ উদ্দিন লন্ডনী। ছবি: দলীয় সূত্রে পাওয়া

বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে নেতাকর্মীদের কাছ থেকে টাকা ও খাসি নেওয়ার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে দ্বিতীয়বারের মতো সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মেঘনা উপজেলার বিভিন্ন পর্যায়ের কমিটিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নেতাকর্মীদের কাছ থেকে অর্থ ও অন্যান্য সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর দলীয় মহলে সমালোচনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম এশিয়া পোস্টকে বলেন, পদ পাইয়ে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ায় আমরা তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে দলের উর্ধতন নেতাদের সঙ্গেও আলাপ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় রমিজ উদ্দিন লন্ডনীকে বহিষ্কার করেছিল বিএনপি। পরে ক্ষমা চেয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করেন তিনি।

সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হওয়ার শর্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরপর তাকে আবারও মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।

এদিকে রমিজ উদ্দিন লন্ডনীকে সাময়িক বহিষ্কারের পর মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সিকে।

আব্দুল অদুদ মুন্সি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করব। আমার মাঝে দলের কেউ টাকা দিয়ে পদ পদবি নিতে পারবেনা। যোগ্য ব্যক্তিকে তার জায়গায় দেয়া হবে।

তবে বহিষ্কারের বিষয়ে রমিজ উদ্দিন লন্ডনীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।