ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আর মাত্র ৬ দিন বাকি। এরই মধ্যে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা। তৃণমূলে গিয়ে ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, শুনছেন নানান কথা।
সেই ধারাবাহিকতায় পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার নির্বাচনি আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনি প্রচারণার ১৬তম দিনে গিয়ে সারজিস বলেন, শান্তিতে থাকার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না।
ভোটারদের উদ্দেশে সারজিস আলম বলেন, গত দেড় বছরে একটা দলের কিছু নেতাকর্মী শান্তি ও ইনসাফের বিরুদ্ধে গিয়ে অপকর্মগুলো করেছে। আমরা জুলাই অভ্যুত্থানে লড়াই করা সংগ্রামী জনতা। আমরা কি এরকম দু-চারজন চাঁদাবাজকে ভয় পাব? ভয় পাওয়ার কোনো সময় নেই।
তিনি বলেন, যে নেতারা গত দেড় বছরে মানুষের সঙ্গে জুলুম, মামলা-বাণিজ্য করেছে তারা আমাদের নেতা হতে পারে না। যারা ক্ষমতায় না আসতে মানুষের ওপর জুলুম করে যাচ্ছে, তারা ক্ষমতায় এলে মানুষকে মানুষ মনে করবে না।
আগামীতে এসব মানুষকে বয়কট করার আহ্বান জানান সারজিস।
এদিকে একই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরও বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি প্রত্যন্ত গ্রামের মানুষের কথা শুনছেন এবং গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন পথসভায় অংশ নিচ্ছেন।