logo
ঈদযাত্রা

যানবাহনের চাপ বাড়লেও উত্তরের পথে নেই ভোগান্তি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
যানবাহনের চাপ বাড়লেও উত্তরের পথে নেই ভোগান্তি
সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহন বাড়লেও নেই যানজট। ছবি: এশিয়া পোস্ট

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কেও বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। তবে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করলেও কোথাও কোনো যানজট বা ধীরগতি দেখা যায়নি। এতে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ।

রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোল-চত্ত্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে গত কয়েক দিনের চেয়ে আজকে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও যানজট বা ধীরগতি না থাকায় স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহনগুলো। এতে এবার ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ।

হাটিকুমরুল গোলচত্বর এলাকায় কথা হয় বাসচালক সাইদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, মহাসড়কে যানজট নেই। অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। যমুনা সেতু পশ্চিমপাড়ে রাস্তা চার লেন চালু হয়েছে। যাত্রীরা ভালো সেবা পাচ্ছে। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। আশা করা যাচ্ছে, এবার ঈদে সমস্যা হবে না। সমস্যা হলে টাঙ্গাইলের এলেঙ্গায় কিছুটা হবে। সিরাজগঞ্জ অংশে ভালো আছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, মহাসড়কে যানবাহনের তেমন একটা চাপ নেই। তবে কয়েক দিনের চেয়ে আজকে বিকেল ৪টার পর থেকে গাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জ মহাসড়কের কোথাও যানজট বা ধীরগতি সৃষ্টি হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়বে।