বিশ্রাম নিতে ঘরে ঢুকে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকার ‘আকবর কোম্পানি’ নামে একটি ইটভাটায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহতদের একজন ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের মো. রুবেল। আরেকজন মো. আলাউদ্দিনের পরিচয় তাৎক্ষাণিক জানা সম্ভব হয়নি।
ইটভাটার এক শ্রমিক জানান, দুজন ইটভাটার লোড-আনলোডের কাজে জড়িত ছিলেন। কাজ শেষে ভাটার একপাশে থাকা টিনশেড ঘরে বিশ্রাম নিতে যান। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। শ্রমিকরা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দোলন আক্তার বলেন, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, খোঁজখবর নিতে পুলিশ পাঠানো হয়েছে। দুজনের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।