ফরিদপুরে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

দীর্ঘ ১৪ বছর পর ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার চাঁন সরদার (৪২), তারা (তাবু) সরদার (৩৫) এবং বাবুল আকন্দ (৩৬)। রায় ঘোষণার সময় বাবুল আকন্দ আদালতে উপস্থিত থাকায় পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। তবে অপর দুই আসামি চাঁন সরদার ও তারা সরদার পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের পাশে ফয়সাল শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ফয়সাল শেখ ফরিদপুর শহরের মধ্য আলীপুর এলাকার বাসিন্দা ও পেশায় সবজি বিক্রেতা ছিলেন।
এ ঘটনার পরদিন নিহতের মা ফিরোজা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় চাঁন ও তারা সরদারসহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ফয়সালকে নির্মাণাধীন ভবনের পাশে ডেকে নিয়ে এ হামলা চালানো হয়েছিল।
মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালের ৩১ জুলাই ফরিদপুর সিআইডির পুলিশ পরিদর্শক মো. শাহজাহান মিয়া চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। তবে বিচারকাজ চলাকালে আসামি শাহিন সরদার মারা যাওয়ায় তার নাম মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান জানান, দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেছেন।
.png)






