দিনাজপুরে ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’ পরিদর্শন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’ আকস্মিক পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি বিদ্যালয়টি ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টায় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে হঠাৎ করেই দিনাজপুর ঈদগাহ আবাসিক এলাকায় অবস্থিত ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’-এ যান প্রতিমন্ত্রী। সেখানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রাহিনুর ইসলাম সিদ্দিকী, সভাপতি আনিসুল হক জুয়েল ও পরিচালক আসাদুজ্জামান নূরসহ শিক্ষকমণ্ডলী তাকে উষ্ণ অভিনন্দন জানান।
প্রতিমন্ত্রী পুরো বিদ্যালয়টি ঘুরে দেখেন। এ সময় ববি হাজ্জাজ বিদ্যালয়টির নান্দনিকতা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার পদ্ধতি ও সহশিক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং বিদ্যালয়টির নানামুখী কার্যক্রমের প্রশংসা করেন।
বিদ্যালয়টির অধ্যক্ষ রাহিনুর ইসলাম সিদ্দিকী জানান, প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার এই আগমন আমাদের শিক্ষাকার্যক্রমকে আরও উৎসাহিত করবে। আমাদের শিক্ষার্থীরাও তাকে কাছে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। আমাদের প্রতিষ্ঠানে তার এই পরিদর্শনের জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।


