logo

ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কলেজছাত্রী

ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কলেজছাত্রী
অপহৃত কলেজছাত্রী। ছবি : পরিবারের কাছ থেকে নেওয়া

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক কলেজছাত্রী (১৭) অপহৃত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। মেয়েকে না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। প্রধান অভিযুক্ত ও তার পরিবারের ভারতে যাতায়াতের তথ্য থাকায় মেয়েটিকে সীমান্ত দিয়ে পাচার করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনেরা।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে প্রতিবেশী রমিক চন্দ্র সিংহ (২৩) মোবাইল ফোনে ডেকে ওই কলেজছাত্রীকে বাড়ির বাইরে নিয়ে যান। এরপর তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

ঘটনার দুই দিন পর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রমিক চন্দ্র সিংহ ও তার বাবা গ্রাম পুলিশ সদস্য সুমন্ত চন্দ্র সিংহসহ কয়েকজনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় একটি অপহরণ মামলা করেন। তবে মামলা হওয়ার ১২ দিন পার হলেও ওই ছাত্রীকে উদ্ধার কিংবা আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, প্রধান আসামির বাবা এতদিন এলাকাতেই ছিলেন। তাকে গ্রেপ্তার করা হলে মেয়েকে উদ্ধারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেত। শুরুতে পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি, এখন আসামিদের কাউকেই পাওয়া যাচ্ছে না। আমি যেকোনো মূল্যে আমার মেয়েকে ফিরে পেতে চাই।

ছাত্রীর মা বলেন, অভিযুক্তদের ভারতে নিয়মিত যাতায়াত রয়েছে। আমাদের আশঙ্কা, আমার মেয়েকে রমিক ও তার পরিবার সীমান্ত দিয়ে ভারতে পাচার করে দিয়েছে।

এদিকে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। বর্তমানে বাড়িটি দেখভাল করছেন অভিযুক্ত সুমন্ত চন্দ্র সিংহের বোন বৈশ্বানী রানী।

তিনি বলেন, মেয়েটিকে নিয়ে আমার ভাতিজা রমিক পালিয়েছে। এরপর থেকে ওর বাবাও আত্মগোপনে আছেন। কয়েক দিন ধরে আমি বাড়ি পাহারা দিচ্ছি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, পরিবার দেরিতে পুলিশকে বিষয়টি জানিয়েছে। আমরা অপহরণের মামলা নিয়েছি এবং মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিং করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে কেউ ওই কলেজছাত্রীকে শনাক্ত করতে পারলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করা হচ্ছে।