বগুড়ায় পাওনা টাকার দ্বন্দ্বে কৃষককে খুন

বগুড়া সদরে পূর্বশত্রুতার জেরে আরিফুল ইসলাম মুন্না নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সোমবার রাতে সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।
আরিফুল ইসলাম মুন্না (৫০) খন্দকার পাড়ার মৃত ডা. ইয়াছিন আলীর ছেলে। তিনি কৃষিকাজ ও খামার পেশার সঙ্গে জড়িত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) লাল মিয়া। তিনি জানান, নিহতের সঙ্গে একই এলাকার আরেকটি পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ছিল। সেই বিবাদের জেরে গতকাল রাতে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে রাত ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করলে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আরিফুল ইসলাম মারা যান।
নিহতের স্বজনরা জানান, একই পাড়ার প্রতিবেশী সায়েমের সঙ্গে আরিফুলের দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল। এই ঘটনায় আরিফুল ইসলাম তার বিরুদ্ধে প্রায় তিন লাখ টাকার একটি চেক ডিজঅনারের মামলাও করেছিলেন। সেই মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আরিফুলকে হুমকি দেওয়া হচ্ছিল। এই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের ভগ্নিপতি শিহাব উদ্দিন জানান, গতকাল রাতে আরিফুল বাড়ি থেকে বের হয়ে হাইস্কুলের পাশের একটি দোকানে পাউরুটি কিনে বাড়ি ফিরছিলেন। পথে সায়েমসহ একাধিক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে আরিফুলের অন্য ভাই ও স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায় আরিফুল।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম বলেন, যতটুকু জানতে পেরেছি একই এলাকার দুই পরিবারের মধ্যে পাল্টাপাল্টি মামলা ছিল। গতকাল রাতে সেগুলো নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। এর মধ্যে প্রতিপক্ষরা আরিফুল ইসলামকে ছুরিকাঘাত করলে হাসপাতালে মারা যান তিনি। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।