logo

নাইক্ষ্যংছড়িতে উপজেলা ও ৪ ইউপিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা জামায়াতের

নাইক্ষ্যংছড়িতে উপজেলা ও ৪ ইউপিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা জামায়াতের
নাইক্ষ্যংছড়িতে জামায়াতের স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এসব নাম ঘোষণা করা হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল হামিদের সঞ্চালনায় এবং উপজেলা আমির মো. আবু নাছেরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের আমির এস এম আব্দুচ সালাম আজাদ।

সমাবেশে জেলা আমির এস এম আব্দুচ সালাম আজাদ উপজেলা চেয়ারম্যান পদে আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট কামরুল আমিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে সালমার নাম ঘোষণা করেন।

এ ছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুমধুম ইউনিয়নে মো. হামিদুল হক, দোছড়ি ইউনিয়নে নুরুল আজিজ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে উপজেলা আমির মো. আবু নাছের এবং বাইশারী ইউনিয়নে মওলানা রফিক বশরীর নাম ঘোষণা করা হয়। তবে সোনাইছড়ি ইউনিয়নে কোনো সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

সমাবেশে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের পক্ষে সাংগঠনিকভাবে কাজ শুরু করতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং নির্বাচনী কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আব্দুচ সালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামীর আকিদা কোরআন ও সুন্নাহভিত্তিক। দলটির বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া ও অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বিরোধী দলে থাকার সময়ের তুলনায় বর্তমানে দলটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য ও ফতোয়া বেশি দেওয়া হচ্ছে। এসব বিষয়ে বিভ্রান্ত না হয়ে কোরআন-সুন্নাহর আলোকে আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

সমাবেশে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে নিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের তত্ত্বাবধায়ক অধ্যাপক হামেদ হাসান, শ্রমিককল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি রফিক বশরী, নাইক্ষ্যংছড়ি শ্রমজীবী বিভাগের সভাপতি রফিক আহমেদ, নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতের আমির মাস্টার আব্দুল গফুর ও বাইশারী সদর জামায়াতের আমির সেলিম উদ্দিন।

এ ছাড়া বান্দরবান জেলা শিবিরের সাবেক সভাপতি নুরুল আবছার, ছাত্রশিবিরের নাইক্ষ্যংছড়ি উপজেলা সভাপতি নূর সাদেকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা জামায়াতের আমির মো. আবু নাছেরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।