logo

সন্ত্রাসী হামলায় যুবদল কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন, দফায়-দফায় সংঘর্ষ

সন্ত্রাসী হামলায় যুবদল কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন, দফায়-দফায় সংঘর্ষ

চট্টগ্রামের বাকলিয়ায় ২৪ ঘণ্টার মধ্যে আবার সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় মিনহাজ উদ্দিন নামে এক যুবদল কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দফায় দফায় সংঘর্ষে কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে একটি মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে বলুয়ার দিঘীরপাড় এলাকায় মিনহাজের ওপর হামলা চালায় প্রতিপক্ষ ‘এঞ্জেল’ বাহিনীর অনুসারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ধারালো অস্ত্রের আঘাতে মিনহাজের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। মিনহাজের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে দুপুর ১টার দিকে এঞ্জেলের ওপর পাল্টা হামলা চালায়। এতে এঞ্জেল আহত হন। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

এর আগের দিন রোববার বাকলিয়ায় দুই পক্ষের গোলাগুলিতে এক শিশুসহ ৪ জন আহত হয়েছিলেন। ওই ঘটনায় পুলিশ শটগানসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, মূলত এলাকায় আধিপত্য বিস্তার ঘিরেই এই রক্তক্ষয়ী সংঘর্ষ। বলুয়ার দিঘী এলাকাটি কোতোয়ালি ও বাকলিয়া—এই দুই থানার মধ্যবর্তী হওয়ায় উভয় থানার পুলিশ অপরাধীদের ধরতে যৌথ অভিযান শুরু করেছে।