logo

সিলেটের মাজারগুলোতে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ

সিলেটের মাজারগুলোতে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ
শাহপরানের (রহ.) মাজার পরিদর্শনে যান সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারে দানের ডেগ সিলগালা ও নতুন দানবাক্স বসানোর পর এবার হজরত শাহপরানের (রহ.) মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা আনা ও মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে শাহপরান মাজার পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ওলি-আউলিয়ারা এই মাটিতে শুয়ে আছেন। তাদের উসিলায় যে কোনো বালা-মুসিবত থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন, এটা আমরা বিশ্বাস করি। এসব ওলি-আউলিয়াদের মাজার-মসজিদ উন্নয়নে কিছু কাজ করা দরকার। পরিকল্পিত উন্নয়ন দরকার। এসব মাজারকেন্দ্রিক একটা মাস্টারপ্ল্যান করা উচিত। এখানে মেডিকেল সেন্টার থাকবে। নারীদের নামাজ পড়ার ব্যবস্থা থাকবে। নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা থাকবে।

দানের অর্থ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, মানুষ চায় তার দানের টাকায় ভালো কাজ হোক এবং সেই টাকায় স্বচ্ছতা থাকুক। কেউ যেন আত্মসাৎ করতে না পারে। তখনই মানুষ মন খুলে দান করবে। মাজারের আয়ের হিসাব স্বচ্ছ না থাকলে মানুষের আস্থা থাকবে না। দান করা অর্থ হাতে নয়, বাক্সে সংগ্রহ করতে হবে। মাজারের আয় থেকে সরকার এক পয়সাও নেবে না বলেও জানান তিনি।

মাজারে মদ-গাঁজার আসর বসার অভিযোগ প্রসঙ্গে সারওয়ার আলম বলেন, এ ধরনের অভিযোগ প্রায়ই আসে। এটি একদিকে আইনত অপরাধ, অন্যদিকে পবিত্র স্থানে বসে অপরাধ করা হচ্ছে। এ বিষয়ে এখন থেকে কঠোর অবস্থান নেওয়া হবে। মাজারে কেউ অপরাধ করলে তার শাস্তি দ্বিগুণ হবে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা চাই স্বচ্ছতা ও সুন্দর পরিবেশ। তাহলেই ওলি-আউলিয়ারা যে উদ্দেশ্যে এসেছিলেন, সেই উদ্দেশ্য সাধিত হবে। এখানে এলেই যেন মনে পবিত্রতা অনুভব হয় সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

এর আগে, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে হজরত শাহজালাল (রহ.) মাজারে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে নতুন দানবাক্স স্থাপন করে জেলা প্রশাসন। একই সময়ে মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা করা হয় এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়।

এই পদক্ষেপ নিয়ে মাজারের খাদেম ও বেশকিছু ভক্ত-অনুরাগী ক্ষোভ প্রকাশ করেন। তবে, মুসল্লিসহ অনেকেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।