জিপিএ-৫ পাওয়া ৮৩ শিক্ষার্থীকে সংসদ ভবনে নেবেন হান্নান মাসউদ

নোয়াখালী হাতিয়া উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শীর্ষ স্থান অর্জনকারী ৮৩ জন শিক্ষার্থীকে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে নিয়ে যাচ্ছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি প্রদান করে আনুষ্ঠানিক পত্র জারি করা হয়েছে। শিক্ষার্থীরা বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পাবে। পরিদর্শনের অংশ হিসেবে তারা সংক্ষিপ্ত ব্রিফিং, সংসদীয় লাইব্রেরি পরিদর্শন, ফটোসেশন এবং বাজেট অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করবে।
সংবর্ধিত শিক্ষার্থীদের সংসদ ভবনে প্রবেশের জন্য বেশ কিছু নিয়মাবলী অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে— পরিচয়পত্র প্রদর্শন করা এবং ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস না রাখা।
স্থানীয়দের ভাষ্যমতে, দ্বীপাঞ্চল হাতিয়াতে শিক্ষার ব্যাপক প্রসার ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই সংসদ সদস্য জনাব আব্দুল হান্নান মাসউদ এই মহতী উদ্যোগ নিয়েছেন। হাতিয়ার তরুণ প্রজন্মের পড়াশোনায় আগ্রহ সৃষ্টি ও তাদের দেশ গঠনে আগ্রহী করে তোলার জন্য এটি একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় অভিভাবক শিবলু শাহারাজ বলেন, শিক্ষক ও সুশীল সমাজ এমপি মহোদয়ের এই অভূতপূর্ব উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং আন্তরিক সাধুবাদ জানিয়েছেন।
এই বিষয়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ জানান, হাতিয়ার মেধাবী সন্তানদের জাতীয় সংসদ প্রত্যক্ষ করার সুযোগ করে দেওয়া তাদের ভবিষ্যতে বড় কিছু করার স্বপ্ন দেখতে সাহায্য করবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ধরনের ব্যতিক্রমী এবং অনুপ্রেরণামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

