logo

অপরাধীর কোনো রাজনৈতিক দল নেই: খায়রুল কবির খোকন

অপরাধীর কোনো রাজনৈতিক দল নেই: খায়রুল কবির খোকন
নরসিংদীতে এক অনুষ্ঠানে কথা বলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। ছবি: এশিয়া পোস্ট

যে অপরাধ করে, তার কোনো রাজনৈতিক দল থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জনগণ যাতে ন্যায়বিচার পায় সে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৫ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল চরদিঘলদী ইউনিয়নের টিডিরচর গ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, যাদের কাছে অস্ত্র থাকবে তাদের বিরুদ্ধে দলমত বিবেচনা না করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের প্রাণঘাতী এবং অবৈধ অস্ত্র যাদের কাছে পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি উল্লেখ করেন, নরসিংদীর চরাঞ্চলের সংঘাত-সংঘর্ষ রাজনৈতিক নয়। স্থানীয় আধিপত্য বিস্তারে বংশগত, সামাজিক ও পারিবারিক বিভিন্ন প্রেক্ষাপটে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

খায়রুল কবির খোকন বলেন, চরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আগের সে অবস্থা নেই। মানুষ সংঘাতের ঐতিহ্য থেকে বের হয়ে আসছে। আধুনিক প্রযুক্তির যুগে প্রশাসনসহ আমরা এখন সহজে এসব ঘটনার খবর পাচ্ছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানুষ এখন শান্তি চায়, এসব সংঘাত চান না। আমরা শান্তির পক্ষে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, চিনিসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লাসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।