logo
Advertisement

ফেনীতে দাঁড়িয়ে থাকা বাসে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ফেনী
ফেনীতে দাঁড়িয়ে থাকা বাসে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক। ছবি : এশিয়া পোস্ট

ফেনী সদর থানাধীন মহিপাল এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে কাভার্ডভ্যানের সজোরে ধাক্কায় মো. তাবারক আলী ওরফে ফটিক (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মহিপাল ফ্লাইওভারের প্রায় ২০০ গজ উত্তরে ‘কে এম এইচ জুয়েল মার্কেট’-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাবারক আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ‘পাতা এন্টারপ্রাইজ’ নামে একটি বাস যাত্রী নামানোর জন্য কে এম এইচ জুয়েল মার্কেটের সামনে দাঁড়ায়। বাস থেকে নেমে তাবারক আলী বাসটির সামনের অংশে অবস্থান করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনে থাকা তাবারক আলী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে পুলিশের ওসি আসাদুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, ঘটনার পরপরই ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছে পুলিশ। তবে দুর্ঘটনায় জড়িত ‘পাতা এন্টারপ্রাইজ’-এর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় :