কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় উভয় পক্ষ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রায় দুই মাস আগে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে শহরের সবুজবাগ এলাকা ও বটতলা এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়। এরই জেরে শুক্রবার বিকেলে সবুজবাগ এলাকার ফাহিম জমাদ্দারকে মারধর করে আহত করে বটতলা এলাকার কিশোররা।
এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৮টার দিকে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্র, ককটেল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় উভয়পক্ষ অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট।
খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব-৮ এর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এশিয়া পোস্টকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষই একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি আরও বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।