Advertisement

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
দুর্ঘটনাকবলিত স্থানে উৎসুক মানুষের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় দুজন এবং পৃথক প্রাইভেটকারের চাপায় এক অটোরিকশাচালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান ও শ্রীফলতলী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আলমগীর, হানিফ ও সাত্তার। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর থেকে চন্দ্রাগামী একটি অটোরিকশাকে একই পথে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা অটোরিকশাচালকের মৃত্যু হয়। এ ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলের গতি কিছুটা ধীর হয়ে যায়।

এর কিছুক্ষণ পরেই মহাসড়কের একই স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক সামনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকসহ আরও দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে সংঘর্ষে ট্রাক থেকে পড়ে একটি গরু মারা গেছে এবং মারাত্মক আহত আরও চারটি গরুকে মহাসড়কের পাশেই জবাই করা হয়েছে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বলেন, টাঙ্গাইল থেকে গাজীপুর যাওয়ার পথে এসব দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় :