logo

গাজীপুর থেকে ডেকে নিয়ে রাজবাড়ীতে ধর্ষণ, গ্রেপ্তার ২

গাজীপুর থেকে ডেকে নিয়ে রাজবাড়ীতে ধর্ষণ, গ্রেপ্তার ২

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল।

ভুক্তভোগী তরুণীর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। বর্তমানে গাজীপুর মহানগরে বসবাস করছেন।

মামলার তথ্য অনুযায়ী, ওই তরুণীর সঙ্গে সাত মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক ভেঙে গেলে আকাশ মণ্ডল তাকে ফোন করে পাংশায় ডেকে এনে বিয়ের ব্যবস্থা দেওয়ার আশ্বাস দেয়। ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তরুণী বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে আকাশ তাকে আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যায়। যেখানে আগে থেকে জামাল মণ্ডল অবস্থান করছিল।

পুলিশ জানায়, তারা খুনের ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ করে। এ সময় তার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকার স্বর্ণের দুল, নগদ ১০ হাজার টাকা এবং মোবাইল ব্যাংকিং থেকে ৩ হাজার ৪০০ টাকা নিয়ে যায়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আকাশ মণ্ডলের নামে পাংশা থানায় ৬টি মামলা এবং জামাল মণ্ডলের নামে অস্ত্র ও দস্যুতাসহ ৪টি মামলা রয়েছে।