নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করাই মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা এবং যেকোনো সংকট মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। একই সঙ্গে খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনাকে আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার বেউথা ও সাটুরিয়া এলাকার খাদ্য গুদাম পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে গুদামে মজুত খাদ্যের পরিমাণ, মান, সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা সাধারণ মানুষের অন্যতম মৌলিক অধিকার। গুদামগুলোতে কী পরিমাণ খাদ্য মজুত রয়েছে এবং তা নিরাপদ ও সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করতেই এই আকস্মিক পরিদর্শনে এসেছেন তিনি।
গুদামগুলোর অবকাঠামোগত অবস্থা তুলে ধরে আফরোজা খানম রিতা বলেন, দেশের বিভিন্ন স্থানে খাদ্য গুদামের অবস্থা খুব একটা ভালো নয়। উপযুক্ত পরিবেশ ও উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকলে খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই কোথায় কোথায় সংস্কার প্রয়োজন, তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্য মজুতকে কেন্দ্র করে কোনো সিন্ডিকেট সক্রিয় রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি কেবল দায়িত্ব গ্রহণ করেছেন। বিষয়টি তিনি পর্যবেক্ষণ ও গভীরভাবে বিশ্লেষণ করছেন এবং জনগণের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে যেমন জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে, তেমনি মন্ত্রী হিসেবেও সরকারের প্রতি তার দায়িত্ব রয়েছে। দুটি দায়িত্বই সমান গুরুত্বের সঙ্গে নিষ্ঠার সঙ্গে পালন করবেন তিনি।
পরিদর্শনকালে জেলা খাদ্য নিয়ন্ত্রক আইয়ুব রায়হান, সাটুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা রাবেয়া খাতুন লিজাসহ গুদাম সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় তারা খাদ্য গুদামের বর্তমান মজুত, সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খাদ্যমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।


