logo
Advertisement

খোয়াই নদীর বাঁধে আবার ভাঙন, আট গ্রাম প্লাবিত

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
খোয়াই নদীর বাঁধে আবার ভাঙন, আট গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। রোববার হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন থেকে তোলা। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ৪৩ দিনের মাথায় আবার ভেঙে গেছে।

Advertisement

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বাঁধের মেরামত করা অংশে নতুন করে ভাঙন দেখা দেয়। এতে অন্তত আটটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

শনিবার রাতে উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। রোববার সকালে নদীর প্রবল স্রোতে কালীগঞ্জে বাঁধের মেরামত করা অংশে ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে পানি লোকালয়ে ঢুকে পড়তে শুরু করে।

এর আগে, গত ৯ জুলাই রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে লস্করপুর ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছিল। এ সময় ব্যাপক দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে বাঁধ মেরামতের কাজ শুরু হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ পুরোপুরি শেষ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা মুখলেছ মিয়া জানান, বাঁধ মেরামতের কাজে ধীরগতি এবং যথাযথভাবে কাজ শেষ না করায় ৪৩ দিনের মাথায় একই স্থানে আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে নতুন করে দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানির প্রবল স্রোতের কারণে কালীগঞ্জে আগের ভাঙন স্থানে মেরামত করা অংশে আবার ভাঙন দেখা দিয়েছে।