logo
Advertisement

ডেভিড ইমনের সহযোগী ‘গলাকাটা মোবারক’সহ আটক ৪

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
ডেভিড ইমনের সহযোগী ‘গলাকাটা মোবারক’সহ আটক ৪
ডেবিট ইমনের সহযোগী মোবারকসহ চারজনকে আটক করে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের পর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ডেভিড ইমনের সহযোগী ‘গলাকাটা মোবারক’সহ চারজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর ও লেলাং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম লেলাং স্কুলের সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায়। পুলিশ সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ‘গলাকাটা মোবারক’, ‘ডাকাত রায়হান’ এবং তাদের আরও দুই সহযোগীকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, আটক মোবারক এলাকায় ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত এবং সে সন্ত্রাসী ডেভিড ইমনের ঘনিষ্ঠ সহযোগী। পূর্বে তিনি শিবির ক্যাডার সাজ্জাদ আলী খান ও নাসিরের সঙ্গে যুক্ত ছিলেন। গত ৫ আগস্টের পর মোবারকের মাধ্যমেই ডেভিড ইমনের সঙ্গে সাজ্জাদের যোগাযোগ তৈরি হয়। অন্যদিকে, আটক রায়হান এলাকায় চোরাচালান ও ডাকাতির সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। বিগত দুই বছরে ঘটে যাওয়া বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির পেছনে তাদের মূল ভূমিকা ছিল।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে এশিয়া পোস্টকে জানান, অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনো অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।