শ্রীমঙ্গলের চা বাগান থেকে খৈয়া গোখরা সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুড়ভুড়িয়া চা বাগান থেকে একটি বিষধর ‘খৈয়া গোখরা’ সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চা পাতা তোলার সময় শ্রমিকরা সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং কাজ বন্ধ রেখে নিরাপদে সরে যান। পরবর্তীতে বাগান ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার অভিযানে অংশ নেন ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়। সাপটি উদ্ধারের পর শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, খৈয়া গোখরা অত্যন্ত বিষধর একটি প্রজাতি। বন বিভাগ শিগগিরই সাপটিকে উপযুক্ত ও নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করবে।


