logo

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্যের লাশ উদ্ধার

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্যের লাশ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাজার পাড়ার হাইস্কুল সড়কের একটি বাড়ি থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম অনন্য গাঙ্গুলি (২৫)। তিনি কোটচাঁদপুর উপজেলার প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি ও রাধারানী ভট্টাচার্য্য শিক্ষক দম্পতির ছেলে। মা রাধারানী কোটচাঁদপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবা প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি কোটচাঁদপুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রভাষক। অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল।

জানা গেছে, পিএসসি, জেএসসি, এসএসসি—তিন পরীক্ষাতেই মেধার প্রমাণ দিয়ে বৃত্তি পেয়েছিলেন অনন্য গাঙ্গুলি। কিন্তু কলেজে উঠে শারীরিক ও মানসিক কারণে প্রায় পাঁচ বছর পড়ালেখা থেকে দূরে থাকতে হয়। ক্লাসে কখনো নিয়মিত, কখনো অনিয়মিত এভাবেই চলেছে ১০ম শ্রেণি পর্যন্ত। এসএসসি পরীক্ষার আগে নির্বাচনি পরীক্ষায়ও ফল ভালো হয়নি তার। তবে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫, সঙ্গে যশোর বোর্ডের সাধারণ বৃত্তিও পান। ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন অনন্য গাঙ্গুলি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৩১ জানুয়ারি) রাতে অনন্য গাঙ্গুলি ঢাকা থেকে বাড়িতে আসে। রাতে খাবার খেয়ে সে তার শোবার ঘরে চলে যায়। সকাল ৮টার দিকে নাশতা বানিয়ে খাবার জন্য ডাকছিল অনন্যের মা। এ সময় তার কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে অনন্য ঝুলছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। তারা এসে মরদেহ উদ্ধার করে।

অনন্যের মা রাধারানী বলেন, ‘সে বাড়ি আসার পর আগের মতোই আচারণ করেছে। আমার সঙ্গে কোনো দিন কোনো বিষয় নিয়ে মন খারাপের ঘটনা ঘটেনি। তবে কেন সে এ ধরনের ঘটনা ঘটাল বুঝতে পারছি না।’ 

এ বিষয়ে কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর স্বজনদের সহায়তায় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানানো সম্ভব হবে।