Advertisement

মহেশপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
মহেশপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
মহেশপুর সীমান্ত পুশইনের চেষ্টায় বিজিবির বাধা। ছবি : এশিয়া পোস্ট

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীন কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টার দিকে সীমান্তের ৬১/১২ নম্বর পিলারসংলগ্ন গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। সীমান্ত অতিক্রমের আগেই কুসুমপুর বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা বিএসএফের এ তৎপরতা দেখতে পান। পরে বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ চারজনকে বাংলাদেশে ঠেলে দিতে ব্যর্থ হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুশইনের চেষ্টা করা চারজন বর্তমানে শূন্যরেখা থেকে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে একটি কলাবাগানে অবস্থান করছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।

বিষয় :