‘আপা’ ডাকলেই রেগে যান চিকিৎসক, ম্যাডাম-স্যার ডাকতে দরজায় নোটিশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের ‘আপা’ বা ‘ভাই’ বলে সম্বোধন করলে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি চিকিৎসকদের ‘ম্যাডাম-স্যার’ ডাকতে দরজায় নোটিশও টানানো হয়েছে।
সরেজিমন দেখা যায়, জরুরি বিভাগের দরজায় টানানো নোটিশে লেখা— ‘কোন মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না।’ হাসপাতাল কর্তৃপক্ষের এমন নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা জুলেখা বেগম বলেন, আমরা গ্রামের মানুষ। মহিলাদের আপা আর পুরুষদের ভাই বলেই অভ্যস্ত। এখানে ডাক্তারদের ভাই বা আপা বললে তার রেগে যান। এতে চিকিৎসা নিতে ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় কয়েকজন রোগী ও স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মুরাদনগরসহ আশপাশের এলাকার মানুষ সামাজিক ও আঞ্চলিক রীতি অনুযায়ী অনেক সময় নারী চিকিৎসকদের ‘আপা’ এবং পুরুষ চিকিৎসকদের ‘ভাই’ বলে সম্বোধন করেন। তাদের দাবি, এতে চিকিৎসকদের অসম্মান করার কোনো উদ্দেশ্য থাকে না।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নিম্ন শ্রেণির কর্মকর্তা বলেন, আমিও একবার একজন নারী চিকিৎসককে আপা বলে সম্বোধন করেছিলাম। এতে তিনি রাগান্বিত হন এবং পরবর্তীতে ম্যাডাম অথবা স্যার বলে সম্বোধন করতে বলেন।
জানতে চাইলে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিএইচও) ডা. আবুল কালাম আজাদ বলেন, রোগীদের চিকিৎসকদের ‘ম্যাডাম-স্যার’ বলতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই।
জরুরি বিভাগের দরজায় টানানো নির্দেশনার বিষয়ে তিনি জানান, বিষয়টি তার নজরে এসেছে এবং দ্রুত সময়ের মধ্যেই সেটি অপসারণ করা হবে।



