ভারতের ডেপুটি হাইকমিশনার/বাংলাদেশি এজেন্সির কোটা ব্লকে ভারতীয় ভিসা পেতে ভোগান্তি

বাংলাদেশি এজেন্সিগুলো ভারতীয় ভিসার কোটা ব্লক করে রাখে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বাধে। এ কারণে সাধারণ ভিসাপ্রত্যাশীরা ভিসার জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন না এবং ভিসা পেতে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ জটিলতা দূর করতে ভারতীয় হাইকমিশন কাজ করছে বলেও উল্লেখ করেন পাওয়ান বাধে।
ভিসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মূল সমস্যাটা হলো স্লট নিয়ে। কারণ, আমরা অবশ্যই (ট্রাভেল) এজেন্টদের পুরোপুরি এড়িয়ে যেতে পারছি না; এখানে প্রচুর অসাধু এজেন্ট (মধ্যস্থতাকারী) কাজ করছে, যাদের নিজস্ব স্বার্থ রয়েছে। তারা বেশ আগেই স্লটগুলো ব্লক করে ফেলে, যার ফলে সাধারণ নাগরিকেরা ভিসার স্লট পাওয়া থেকে বঞ্চিত হন এবং দুর্ভাগ্যবশত তাদের (ভিসাপ্রত্যাশী) ওই এজেন্টদের শরণাপন্ন হতে হয়।’
দিন দিন ভিসাদান পদ্ধতিকে উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা ওয়েবসাইটে আরও আইটি ও নিরাপত্তাসংক্রান্ত ফিচার যুক্ত করেছি, যাতে সাধারণ মানুষ নিজেরাই সরাসরি আবেদন করে ভিসা পেতে পারেন। তবে গত কয়েক মাসে বেশ কিছুটা পরিবর্তনও এসেছে এবং এজেন্টদের কাছে না গিয়েই অনেক মানুষ এখন নিজেরাই সরাসরি ভিসার জন্য আবেদন করতে ও পেতে সক্ষম হচ্ছেন।’
এর আগে তিনি কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি পরিদর্শন করেন। পরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজামণ্ডপ পরিদর্শনে এসে দানবীর রণদাপ্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল ও অন্যান্য স্থাপনার প্রশংসা করেন ভারতের ডেপুটি হাইকমিশনার।
