logo
Advertisement

চকরিয়ায় বন্ধুর ঘুষিতে স্কুলছাত্রের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
চকরিয়ায় বন্ধুর ঘুষিতে স্কুলছাত্রের মৃত্যু
তারেকুর রহমান। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে বন্ধুর ঘুষিতে তারেকুর রহমান (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

Advertisement

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে পৌরশহরের নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এ ঘটনা ঘটে।

তারেকুর রহমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুলেরচরা এলাকার আবদুল মজিদের ছেলে। সে স্থানীয় এক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম রাজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে তিনি জানান, তারেক বায়তুশ শরফ সড়কের একটি পানের দোকানে নিয়মিত সময় কাটাত। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যাচ্ছিল সে। সেখানে সমবয়সী এক বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বন্ধু তার কানের পাশে সজোরে ঘুষি মারে।

এসআই শফিকুল ইসলাম জানান, ঘুষির আঘাতে তারেক গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুম ছিদ্দিকী বলেন, ঘটনাটি শুনেছি। কেউ অভিযোগ করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।