যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, ৩০ লাখ টাকা লুটের অভিযোগ

সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার সঙ্গে থাকা ৩০ লাখ টাকা, মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত বদরুল আলম উপজেলার হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বদরুল দুই ছেলের বাবা।
বদরুলের সঙ্গে থাকা সাদেক হোসেনের ভাষ্য, তারা মনরতল বাজার থেকে হাদারপারে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। তাদের সঙ্গে ৩০ লাখ টাকা ছিল। গোরাগ্রাম এলাকায় পৌঁছালে কয়েকজন তাদের পথরোধ করে। এ সময় হামলাকারীরা টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
সাদেকের দাবি, বদরুল এতে বাধা দিলে হামলাকারীরা দা, চাকু, ছুলফিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বদরুলের মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন বদরুলের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রতিবেদন লেখা পর্যন্ত তার মরদেহ হাসপাতালের মর্গে ছিল।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়লের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
