logo

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে দুর্ঘটনার পর সড়কের পাশে দুর্ঘটনার শিকার বাস। ছবি : এশিয়া পোস্ট

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেনগোয়াইনঘাট উপজেলার পশ্চিম মাখেরপাড়া গ্রামের (বর্তমানে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার বাসিন্দা) হাসানুজ্জামানের তিন মাসের শিশুসন্তান আয়াত এবং রাজবাড়ীর কালুখালী এলাকার বাসিন্দা হাসান প্রামাণিক (৪০)। তবে দুর্ঘটনায় নিহত এক নারীর পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার বিরাইমারা সেতুর কাছে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির ৪-৫ জন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু আয়াতকে মৃত ঘোষণা করেন।

এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে একই মহাসড়কের জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশে কাদায় পড়ে যায় এবং বাসের যাত্রীরা হতাহত হন। স্থানীয়দের সহায়তায় তামাবিল হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজবাড়ী থেকে আসা পর্যটক হাসান প্রামাণিকসহ দুইজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, রাজবাড়ী থেকে ছয় দিনের জন্য সিলেটে ভ্রমণে এসেছিলেন একদল পর্যটক। শনিবার দুপুরে তারা বাসে করে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী জানান, প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু এবং বাস-ট্রাক সংঘর্ষে দুই পর্যটক মারা গেছেন। মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।