চট্টগ্রামে ‘হেয়ারকাট’ বাতিলের দাবিতে পাঁচ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে ‘হেয়ারকাট’ বাতিলের দাবিতে পাঁচ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতকারীরা। ছবি: এশিয়া পোস্ট

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে ‘হেয়ারকাট’ বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

Advertisement

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই আত্মঘাতী সিদ্ধান্তের কারণে দুই বছর ধরে তারা নিজেদের জমা করা টাকা উত্তোলন করতে পারছেন না, যার ফলে লাখ লাখ পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে।

সকাল থেকেই বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে জড়ো হতে থাকেন আমানতকারীরা। বিক্ষোভকারীরা বলেন, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার (হেয়ারকাট) নির্দেশ দেয়। এর পরিবর্তে গ্রাহকদের মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যা পুরোপুরি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার চাপিয়ে দেওয়া হয়েছে। গ্রাহকদের সঙ্গে কোনো আলোচনা না করেই নেওয়া এই সিদ্ধান্তের ফলে প্রায় ৭৫ লাখ পরিবারের ৩ কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন সাধারণ ব্যয় মেটানোর সামর্থ্যও হারিয়েছেন অনেকে।

বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১২টার দিকে আমানতকারীরা প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি নগরের কোতোয়ালি মোড় হয়ে নিউমার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।