logo

সৈয়দপুর নেমেই অসুস্থ ত্রাণমন্ত্রী, নেওয়া হচ্ছে হাসপাতালে

সৈয়দপুর নেমেই অসুস্থ ত্রাণমন্ত্রী, নেওয়া হচ্ছে হাসপাতালে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দুদিনের সফরে লালমনিরহাটে আসার উদ্দেশ্যে আজ সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে বিমানবন্দরে নামার পরপরই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক।

তিনি জানান, মন্ত্রী আজ সকালে দুদিনের সফরে লালমনিরহাটে আসার জন্য সৈয়দপুর বিমানবন্দরে নামেন। নেমেই অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত ঢাকায় পাঠানো হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নির্ধারিত সফরে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নামেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিমান থেকে নামার পরই তিনি অসুস্থতা অনুভব করেন। সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে কোনোপ্রকার ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য আবারও ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা পৌঁছানোর পর তাকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হবে।

মন্ত্রীর আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার নিজ নির্বাচনি এলাকা লালমনিরহাটসহ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়। তার দ্রুত আরোগ্য কামনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।