logo

নাশকতার পরিকল্পনা, লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনা, লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
থানা হাজতে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা মজিবর রহমান টুলু। ছবি: এশিয়া পোস্ট

লালমনিরহাটে গোপন বৈঠক ও অনলাইনে নাশকতার পরিকল্পনা করার সময় পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান টুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি বিশেষ দল শহরের চাঁদনী বাজার এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মজিবর রহমান টুলু পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

পুলিশ জানায়, আটকের সময় আসামির ফোন তল্লাশি করে অনলাইন মাধ্যম তথা জুম মিটিংয়ের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। তার ফোনে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ও স্ট্যাটাস পাওয়া গেছে, যা জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই এলাকায় বসে একটি চক্র গোপন বৈঠক করছে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মজিবর রহমান টুলুর বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।