সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ আটক ৪

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ আটক ৪
হরিণ শিকারের ফাঁদসহ আটক চারজন। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের মৃগামারী খালে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদসহ চারজনকে আটক করেছেন বন বিভাগের নিরাপত্তাকর্মীরা।

শনিবার (৪ জুলাই) ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাধীন মৃগামারী খালে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের ফরিদ হাওলাদার, আতাউর খান, মোজাম জোমাদ্দার ও রুহুল জোমাদ্দার। এর মধ্যে ফরিদ হাওলাদারের বিরুদ্ধে একাধিক বন মামলা রয়েছে বলে জানিয়েছে বন বিভাগের কর্মকর্তারা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, চাঁদপাই ফরেস্ট স্টেশন ও আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীরা যৌথভাবে অভিযান চালান। এ সময় একটি নৌকাসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, নৌকায় তল্লাশি চালিয়ে ৩০০ ফুট দীর্ঘ হরিণ ধরার মালা ফাঁদ, সাতটি ঝুড়িতে রাখা প্রায় আড়াই মণ কাকড়া, কাকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারু এবং শিকারে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ আহরণে তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে আটক ব্যক্তিরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারের চেষ্টা চালানোর পাশাপাশি কাকড়া আহরণ করছিলেন।

তিনি আরও বলেন, আটক ফরিদ হাওলাদার একজন কুখ্যাত হরিণ শিকারি। তার বিরুদ্ধে একাধিক বন মামলা বিচারাধীন রয়েছে। তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে হরিণ শিকারে জড়িয়ে পড়েন। আটক চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বিষয় :বাগেরহাট