logo

সার মজুত করে কৃত্রিম সংকটের চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা

সার মজুত করে কৃত্রিম সংকটের চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা
: সুন্দরগঞ্জের মীরগঞ্জ বাজারে সার ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : এশিয়া পোস্ট

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার দায়ে ‘কুঞ্জ ট্রেডার্স’ নামে একটি খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ পৌরশহরের মীরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে এ জরিমানা করা হয়।

Advertisement

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের ভোগান্তি বাড়ানোর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এ সময় কুঞ্জ ট্রেডার্সে নিয়মবহির্ভূতভাবে সার মজুতের সত্যতা পাওয়া যায়। পরে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নিয়ন্ত্রণ আদেশ’ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ সার মজুত, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের জিম্মি করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।