ঝড়ে শ্রেণিকক্ষের ওপর ভেঙে পড়ল গাছ

নড়াইলের কালিয়া পৌরসভার ছোট কালিয়া এলাকায় ঝড়ের সময় একটি নারিকেল গাছ ভেঙে স্কুল ভবনের ওপর পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট কালিয়া এলাকার শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস চলাকালে হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় স্কুল প্রাঙ্গণের পাশে থাকা একটি ঝুঁকিপূর্ণ পুরোনো নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গাছের আঘাতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আহতদের চিকিৎসা ব্যয় বহনের নির্দেশ দেওয়া হয়েছে এবং স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র তলব করা হয়েছে। কোনো গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।