শরীয়তপুরে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ৭

শরীয়তপুরের জাজিরায় দুই বাসের সংঘর্ষে মোহাম্মদ নজরুল ইসলাম (৪৮) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন কালু বেপারী কান্দি এলাকায় ঢাকা অভিমুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ নজরুল ইসলাম এনা এক্সপ্রেসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি থানার আঙ্গারিয়া এলাকার সাত্তার হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস যাত্রী ওঠানোর জন্য সড়কের ওপর থামে। এ সময় পেছন থেকে পটুয়াখালী থেকে ঢাকাগামী এনা এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে এনা এক্সপ্রেসের সুপারভাইজার মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আহত সাতজনকে স্থানীয়রা উদ্ধার করে কালু বেপারী কান্দি এলাকার লাইফ জোন হাসপাতালে নিয়ে যান। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি আটক করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনার ঘটনায় অনেক সময় ভুক্তভোগী বা সংশ্লিষ্টরা অভিযোগ দিতে আগ্রহী হন না। সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ বাদী হয়ে মামলা করে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।