logo

মুরগিবাহী ভ্যানে মিলল অস্ত্র-গুলি, যুবক আটক

মুরগিবাহী ভ্যানে মিলল অস্ত্র-গুলি, যুবক আটক
আটক মিয়ারাজ গাইন। ছবি : পুলিশের সৌজন্যে

যশোরের বেনাপোলে মুরগিবাহী ভ্যান থেকে একটি বিদেশি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন।

এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বেনাপোলের তনিমা ফিলিং স্টেশনের সামনে পুলিশের টহল দল তাকে আটক করে।

আটক মিয়ারাজ গাইন কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উদ্ধার করা গুলি ও ম্যাগজিনের উৎস এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না তা তদন্ত করছে পুলিশ।

ওসি আরশাফ হোসেন জানান, মিয়ারাজ সাতক্ষীরার কালীগঞ্জ থেকে মুরগি সরবরাহ শেষে খালি ভ্যান নিয়ে ফেরার পথে তার ভ্যানে তল্লাশি চালিয়ে গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।