logo
Advertisement

লাঠির আঘাতে আহত মুরগি নিয়ে থানায় গৃহবধূ

এশিয়া পোস্ট নিউজ,বগুড়া
লাঠির আঘাতে আহত মুরগি নিয়ে থানায় গৃহবধূ
লাঠির আঘাতে আহত মুরগি নিয়ে থানায় হাজির এক গৃহবধূ। ছবি: এশিয়া পোস্ট

বগুড়ার গাবতলীতে ভাশুরের লাঠির আঘাতে নিজের পালিত মুরগি আহত হওয়ার ঘটনায় বিচার চাইতে থানায় হাজির হয়েছেন এক গৃহবধূ। ব্যতিক্রমী এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement

ওই গৃহবধূর নাম শম্পা রানী। তিনি গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, তার পালিত ডিমপাড়া একটি মুরগির মাথায় তার ভাশুর লাঠি দিয়ে আঘাত করেন। এতে মুরগিটি গুরুতর আহত হয়। পরে এর নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। কেন মুরগিটিকে আঘাত করা হয়েছে, তা জানতে চাইলে তার ভাসুর উল্টো মুরগিটিকে জবাই করে ফেলার কথা বলেন বলে অভিযোগ করেন শম্পা রানী।

এতে ক্ষুব্ধ হয়ে আহত মুরগিটির চিকিৎসা ও ঘটনার বিচার চেয়ে তিনি গাবতলী মডেল থানায় যান।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন বলেন, শম্পা রানী আহত মুরগিটিকে সঙ্গে নিয়ে থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেছেন। মুরগিটির দ্রুত চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. মো. রাশেদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।